চট্টগ্রামের রাউজানে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় শুক্রবার (১০ জুলাই) ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জলদাসপাড়া, ডেপুটি বাড়ি, নইম মুন্সি বাড়ি ও বড়বাড়িপাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হুমাম কাদের চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, রাউজান পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী, রাউজান পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের সহায়তায় তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।