Tuesday 14th of July 2026
|
|
|
Headlines : * এক মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম   * প্রথমবার স্টার্টআপ ব্যর্থ হলে ও সম্ভাবনা থাকলে পরবর্তীতে অর্থ সহায়তা দেয়া হবে   * শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী, দিলেন নির্দেশনা   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি   * সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী   * PM holds meeting on waste-to-energy projects for Dhaka City   * ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা   * সাতক্ষীরার সীমান্তে বিজিবির গুলি, পালালো দুই ভারতীয়  

   বাংলা সংবাদ
সাবেক রাষ্ট্রপতি এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ
  Date : 14-07-2026

 

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (মঙ্গলবার)। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।

দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের অঙ্গ সংগঠনগুলো।

দলের শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির।

কর্মসূচিগুলো হলো— মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তেলাওয়াত মাইকযোগে প্রচার ও এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে।

বেলা ১১টায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এরশাদের সমাধি চত্বরে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল, স্মরণ সভার আয়োজন করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি. এম) কাদের এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

জেলার প্রতিটি ইউনিয়ন ও উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রচার ও হুসেইন মুহম্মদ এরশাদের ভাষণ প্রচার এবং দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এছাড়া জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ পৃথকভাবে নানা কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।

দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অনেকেই মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেবেন।

উল্লেখ্য, ১৯৮২-১৯৯০ সাল পর্যন্ত ৯ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধিসহ গ্রাম-বাংলার উন্নয়নে কাজ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ধর্মীয় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিল মওকুফসহ উপজেলা ব্যবস্থার প্রবর্তকও ছিলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান।

তার আমলেই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়। ওষুধ নীতি প্রণয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ঢাকার বেড়িবাঁধ নির্মাণ, যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণসহ তার যুগোপযোগী সিদ্ধান্তগুলো এখনো প্রশংসনীয়।

১৯৮৬ সালে এরশাদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। শুরু থেকেই বৃহত্তর রংপুর জাতীয় পার্টির দুর্গে পরিণত হয়। আর তাই সাবেক সেনাপ্রধান হলেও মৃত্যুর পর ভক্ত-অনুসারীদের দাবির মুখে এরশাদকে রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয়।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন। পরে পরিবারের সঙ্গে রংপুরে চলে আসেন। ৯০ বছর বয়সে ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



  
  সর্বশেষ
মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
এক মাসের মধ্যে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ
সুনামগঞ্জে কমতে শুরু করেছে নদ-নদীর পানি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com