রাজধানীতে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট ও মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে ভোর ৫টা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যান ও শাহবাগ এলাকা এবং খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এলাকায় যান চলাচল সীমিত থাকবে। রাস্তার তীব্র যানজট নিরসনকল্পে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইউটার্ন ও ডাইভারশনের মাধ্যমে নিম্নোক্তভাবে যানবাহনের প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে। সম্মানিত নগরবাসী ও যানবাহন চালকদের নিম্ন বর্ণিত নির্দেশনাসমূহ মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো-
বিকল্প সড়কসমূহ
> ফার্মগেট হতে শাহবাগ অভিমুখী যানবাহন হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড/মিন্টো রোড ব্যবহার করবেন।
> গোলাপশাহ মাজার ক্রসিং হাইকোর্ট ক্রসিং মৎস্য ভবন ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।
> সায়েন্সল্যাব ক্রসিং হতে শাহবাগ অভিমুখী যানবাহন মিরপুর রোড নিউ মার্কেট ক্রসিং আজিমপুর ক্রসিং চাঁনখারপুল ক্রসিং-বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে অথবা সায়েন্সল্যাব ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যানবাহনু বাটা ক্রসিং-কাটাবন ক্রসিং ডানে বামে মোড় নিয়ে হাতিরপুল/নীলক্ষেত পলাশী ক্রসিং হয়ে গন্তব্যে পৌছাবে।
> (মিরপুর রোড টু ফার্মগেট ভায়া মানিক মিয়া এভিনিউ) মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিং-বামে মোড় নিয়ে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে গমন করবে।
> (ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ ভায়া ইন্দিরা রোড) ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিং এর দিকে গমন করবে।
> (ধানমন্ডি হতে ফার্মগেট) ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিং ডানে ইউটার্ন করে লেকরোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমনাগমন করবে।
> (আসাদগেট হতে ফার্মগেট ক্রসিং) আসাদগেট-বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং-ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং-ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিং এর দিকে গমন করবে।
> (এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ ইন্দিরা রোড হতে ধানমন্ডি) এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড হতে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিং-ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট-সোজা পথে ধানমন্ডির দিকে গমন করবে।
> (মিরপুর রোড হতে ধানমন্ডি ২৭) মানিক মিয়া এভিনিউ হতে ব্লকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হতে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে গমনাগমন করবে।
> (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) অনুষ্ঠান চলাকালীন যানজট/দূর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।
যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন’ পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।