পরপর তিন সিনেমা দিয়ে বক্স অফিসে বাজিমাতের পর আবার চুপ। এরই মধ্যে কেটে গেল তিন বছর। অবশেষে পর্দায় ফিরছেন শাহরুখ খান। এ বছরের ডিসেম্বরে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘কিং’।
এ খবর পুরনো। তার ভক্তরাও অধীর অপেক্ষায় সিনেমাটির। তবে নতুন খবর হলো, একই সময়ে মুক্তি পাবে আরো একটি ‘কিং’। সেটা দক্ষিণ ভারতীয় তারকা নাগার্জুনের সিনেমা।
অভিনেতার ৬৭তম জন্মদিন উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) এসেছে সিনেমাটির টিজার, নাম ও মুক্তির ঘোষণা। এটি নাগার্জুনের ১০০তম সিনেমা। তাই নাম রাখা হয়েছে ‘কিং ১০০’। মুক্তি পাবে ২৪ ডিসেম্বর।
দেড় মিনিটের টিজারে বর্ষীয়ান এ অভিনেতাকে তুলে ধরা হয়েছে চিরচেনা স্টাইলিশ লুকে। একসময় তেলুগু সিনেমায় তার দাপট ছিল বিপুল। বয়স হলেও সেই চার্ম এখনো ধরে রেখেছেন নাগার্জুন। একসময় কিছুই ছিল না, এরপর নিজের চেষ্টায় হয়ে ওঠে সবচেয়ে ক্ষমতাধর এক ব্যক্তি; গল্পের এমনই আভাস তুলে ধরা হয়েছে টিজারে।
নাগার্জুনকে বলতে শোনা যায়, ‘এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে—যাদের টাকা আছে এবং যাদের নেই। যখন আমার টাকা ছিল না, তারা আমাকে ব্যর্থ বলত। যখন আমার টাকা হলো, তারা আমাকে কিং বলতে শুরু করল। কিন্তু এই পরিচয় টাকার চেয়েও বেশি শক্তিশালী। এই পরিচয় ধরে রাখতে আমাকে ছুটে চলতেই হবে।’
এই সিনেমায় নাগার্জুনের সঙ্গে আছেন টাবু। দীর্ঘ ২৮ বছর পর ফের একসঙ্গে অভিনয় করলেন তারা। এর আগে ১৯৯৯ সালের ‘সিসিন্দ্রি’তে তাদের দেখা গিয়েছিল।
আরএ কার্তিকের পরিচালনায় নির্মিত ‘কিং১০০’ প্রযোজনা করেছে অন্নপূর্ণা স্টুডিওস। অন্যদিকে শাহরুখের ‘কিং’ নির্মাণে আছেন সিদ্ধার্থ আনন্দ। দুই ইন্ডাস্ট্রির দুই তারকার ‘কিং’-এর মাধ্যমে ভারতীয় বক্স অফিস যে জমে উঠবে, তা সহজেই অনুমেয়।