Friday 27th of November 2026
|
|
|
Headlines : * গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ   * Hasina must return in line with country’s laws: Andaleeve   * মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না : মাহদী আমিন   * সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৩ টাকা   * চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার   * দেশের প্রাণিজ আমিষের ৫৬ শতাংশের জোগান দেয় প্রাণিসম্পদ খাত: রাষ্ট্রপতি   * চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন ঘোষণা   * বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের   * California braces for flooding threat from huge tides, El Nino   * Several rooms damaged in fire at Netrokona UNO office  

   বাংলা সংবাদ
মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না : মাহদী আমিন
  Date : 26-11-2026

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, গত তিন বছরে গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে সরকার দ্রুততম সময়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তবে এই মজুরি নির্ধারণে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে শ্রম ভবনে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন শিল্পে জ্বালানি সংকটও রয়েছে। তারপরও ইতিহাসে প্রথমবারের মতো আগের পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

তিনি বলেন, এবারের মজুরি বোর্ডের সদস্যরা প্রত্যেকেই অত্যন্ত গ্রহণযোগ্য ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। শ্রমিক ও শিল্পের স্বার্থ সংরক্ষণে তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। শ্রমিক প্রতিনিধি যেমন সব শ্রমিকের প্রতিনিধিত্ব করছেন, তেমনি মালিক প্রতিনিধিও একজন শ্রমবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই যে ধরনের সিদ্ধান্ত প্রত্যাশা করেন, সেই প্রক্রিয়ায় মজুরি বোর্ড সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে শ্রমিক, মালিক এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। এখানে সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। এমন চমৎকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় মজুরি ঘোষণা করায় বোর্ডের সদস্যদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে ঐকমত্য হয়েছে। একটি গ্রেডে ঐকমত্য না হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। ওই গ্রেডে শ্রমিক পক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিক পক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটের মাধ্যমে মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারিত হয়েছে। সারা দেশে গণতন্ত্রের যে শক্তিমত্তা দেখা যাচ্ছে, গার্মেন্টস খাতের ন্যূনতম মজুরি নির্ধারণেও তার প্রতিফলন ঘটেছে।

মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে মাহদী আমিন বলেন, চারটি গ্রেডে গড়ে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। গ্রেড-১-এ ২০২৩ সালে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। এবার তা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ, বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ।

তিনি বলেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিন বছরে চারটি গ্রেডে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত মজুরি বৃদ্ধি পেয়েছে। বোনাস ও ওভারটাইম যুক্ত হলে শ্রমিকদের মাস শেষে প্রাপ্ত অর্থ আরও ভালো ও সম্মানজনক অবস্থানে যাবে বলে আমরা বিশ্বাস করি।

মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি বলেন, মালিকদের অনেকে প্রত্যাশা করছেন, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা পর্যন্ত বেতন নিয়ে যেতে পারবেন।

মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, জীবনযাত্রার মান, ব্যয় বৃদ্ধি, বাংলাদেশের অন্যান্য শিল্পের মজুরি, শিল্পের সক্ষমতা এবং বড়, মাঝারি ও ছোট কারখানার পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামোর সঙ্গেও তুলনা করা হয়েছে। সব মিলিয়ে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড সম্মিলিতভাবে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে।

তিনি বলেন, গতকাল থেকে শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে, বিপুলসংখ্যক মানুষের কাছে নতুন মজুরি কাঠামো গ্রহণযোগ্য হয়েছে। অনেকে এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ ফলপ্রসূ মজুরি কাঠামো ঘোষণা করায় মজুরি বোর্ডকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।

মাহদী আমিন বলেন, মজুরি নির্ধারণে সরকারের সরাসরি সম্পৃক্ততা না থাকলেও সরকার পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমর্থন জানিয়েছে। শ্রমবান্ধব সরকারের প্রধানমন্ত্রী সব সময় শ্রমিকদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন।

তিনি বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাইরেও কয়েকটি মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ইতোমধ্যে ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল শ্রমিক অধ্যুষিত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। সামনের দিনগুলোতে খাদ্য মন্ত্রণালয়কে এ কার্যক্রম আরও বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কীভাবে আরও বেশি শ্রমিকের কাছে ভর্তুকি মূল্যের চাল পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সংসদে প্রধানমন্ত্রী শ্রমিক অঞ্চলে ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। শ্রমিকদের মতামতের ভিত্তিতে হাসপাতালের সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে সাতটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব দ্রুত সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হবে।

তিনি আরও বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুততম সময়ে গার্মেন্টস শ্রমিকদের জন্যও ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে কাজ করা হচ্ছে। নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে এ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে গার্মেন্টস শিল্পকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে।

মাহদী আমিন বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়লে অনেক সময় তাদের বসবাসের এলাকার বাড়িভাড়াও বেড়ে যায়। একই সঙ্গে পরিবহন বা যানবাহনের খরচও বৃদ্ধি পায়। এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আলোচনা শুরু করেছে।

তিনি বলেন, বেতন বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ বাড়িভাড়া বাড়ানোর যে সংস্কৃতি রয়েছে, তা বন্ধ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন প্রয়োগের মাধ্যমে হঠাৎ বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি চিরতরে বন্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিবহন ব্যয় প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবহন ও সড়ক মন্ত্রণালয়ও কাজ করছে। হঠাৎ করে যানবাহনের খরচ বা বাসভাড়া বাড়িয়ে দেওয়ার সংস্কৃতি বন্ধে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

শ্রমিকদের আবাসন সমস্যার কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের থাকার ব্যবস্থা নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে। শ্রমিক প্রতিনিধিদের মতামত বিবেচনায় নিয়ে শ্রমিক অধ্যুষিত এলাকায় বড় অ্যাপার্টমেন্ট বা হাইরাইজ ভবন নির্মাণ করে শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক।

তিনি বলেন, গার্মেন্টস শিল্পের উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কারণ, এ খাতে শুধু শ্রমিকদের সমস্যা নয়, জ্বালানি সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বহুমুখী উদ্যোগ রয়েছে। তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে এবং জ্বালানির উৎস বৈচিত্র্যময় করা হচ্ছে।

তিনি আরও বলেন, বহুমুখী পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে সরকার চায়, বাংলাদেশের শ্রমিক ও মালিকরা একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। ‘মেইড ইন বাংলাদেশ’ স্লোগান যেন স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশের প্রাণকেন্দ্রে থাকে।

শ্রমিক ও শিল্পের পারস্পরিক সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, শিল্প এবং শ্রমিক একে অপরের পরিপূরক। শিল্প বড় হলে কর্মসংস্থান বাড়বে। মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে। তাই শিল্প, শ্রমিক, মালিক ও সরকার সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মাহদী আমিন বলেন, মজুরি বোর্ড সম্পূর্ণ নিরপেক্ষভাবে শ্রমিকদের জন্য গ্রহণযোগ্য একটি মজুরি কাঠামো ঘোষণা করেছে। সরকারের পক্ষ থেকে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার মাধ্যমে এ কাঠামোকে আরও অর্থবহ করার চেষ্টা করা হবে।

তিনি বলেন, বর্তমানে বিপুলসংখ্যক কারখানা শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে। প্রতিটি কারখানায় শ্রমিকরা যেন আনন্দের সঙ্গে কাজে যোগ দেন এবং উৎপাদন অব্যাহত থাকে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। কারখানাগুলোতে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ন্যূনতম মজুরি মানেই শেষ নয়। যেসব মালিকের সক্ষমতা রয়েছে, তারা চাইলে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি দিতে পারেন। যাদের সক্ষমতার ঘাটতি রয়েছে, তাদের আইন মেনে চলতে হবে। শ্রমিক, মালিক ও সরকার এক হয়ে দেশের শিল্পকে এগিয়ে নিয়ে যাবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 28        
  
  সর্বশেষ
Six of the World’s Top Ten Container Ports Are in China: PIL Chairman Highlights New Opportunities in Shipping Industry
Vascular Organ Chips to Be Manufactured in Space for Treating Blood Vessel Aging and Age-Related Diseases
Ismail Zabiullah Proposes Developing Chandpur as a Logistics Hub Alongside Matarbari and Establishing a Joint Shipping Company
First Foreign Astronaut Aboard Tiangong Space Station: Historic China-Pakistan Technological Cooperation Begins

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com