চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একদল সশস্ত্র যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিল্প এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শনিবার (২০ জুন) পাঁচ যুবকের সশস্ত্র দল শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। পরে মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেন তারা।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে পাঁচ যুবকের একটি দল বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে আসে। সেখানে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল ত্যাগ করে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী কয়েকজন যুবক একটি প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একজনের হাতে পিস্তলসদৃশ অস্ত্র ছিল। ওই অস্ত্র থেকে গুলি ছোড়ার দৃশ্যও ফুটেজে ধরা পড়ে।
ঘটনার কিছুক্ষণ পর মোবাইল ফোনে স্থানীয় এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীর ঘনিষ্ঠজনদের দাবি, ফোনে তাকে গুলি করার হুমকি দেওয়া হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে পাঁচজন সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে চান্দগাঁও শিল্প এলাকায় একাধিকবার গুলির ঘটনা ঘটে। এসব ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বেড়েছে।
এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নগরের চকবাজার থানার চন্দপুরা এলাকায় ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাসা লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। ওই ঘটনার পরও এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।