স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চট্টগ্রাম থেকে ঢাকার হাইওয়েকে আমরা একটা শৃঙ্খলার মধ্যে আনতে চাই। এই মহাসড়কে মোট ৪৯০টি ক্যামেরা এবং অটো ফাইন সিস্টেমের ব্যবস্থা করেছি। যাতে কেউ স্পিড ব্রেক করলে, স্পিড লিমিট ক্রস করলে, ট্রাফিক আইন ভঙ্গ, উল্টো পথে যাত্রা কিংবা ওভারটেকিং করা অর্থাৎ এককথায় যেখানে সাইন সিগনাল দেওয়া রয়েছে তা অমান্য করলে তার ওপর ফাইন আরোপ করা হবে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে সোনারগাঁয়ের মেঘনা ঘাটের হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জরিমানার তথ্য অটোমেটিক বিআরটিএর কাছে চলে যাবে। আর মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির রেজিস্ট্রেশন থাকা মালিকের কাছে মেসেজ পৌঁছে যাবে। পরবর্তীতে গাড়ির মালিক ইচ্ছা করলেই মোবাইল মনিটরিং কিংবা সিস্টেমের মাধ্যমে ফোনেই ফাইন আদায় করতে পারবেন। তবে এক-দুই বা তিন বার হলে রেজিস্ট্রেশন বাতিল হবে কি না সেটা বিআরটিএর আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।
হাইওয়ে পুলিশের এডিশনাল আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকসহ (ডিসি) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মী প্রমুখ।
উল্লেখ্য সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত, কার্যকর, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’র উদ্বোধন করা হয়েছে।