রাজধানীর বসিলা এলাকায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ করে রাখার ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী এবং জরুরি কাজে বের হওয়া লোকজন। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সড়ক ছেড়ে ওঠে যায়।
চালকদের দাবির মধ্যে ছিল-এ সড়কে একটি ইউটার্ন খুলে দেওয়া এবং ডাম্পিং কার্যক্রম বন্ধ রাখা।
এসময় অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তেজগাঁও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর সড়ক থেকে সরে যান তারা।
তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি তানিয়া সুলতানা বলেন, তারা সকালের দিকে রাস্তা অবরোধ করে রেখেছিল। পরে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেওয়া হয়েছে।
তিনি জানান, বসিলা চারমাথা এলাকায় প্রায়ই যানজট লাগার কারণে কয়েকটি ইউটার্ন বন্ধ করা হয়েছিল। এতে অটোরিক্সা চালকরা সমস্যায় পড়ছিলেন। আজ থেকে সেগুলো নিয়মিত খুলে দেওয়া হবে।
ডিসি তানিয়া সুলতানা আরও জানান, অটোরিকশা চালকদের নেতাদের সঙ্গে কথা হওয়ার সময় মূল সড়কে চলাচল না করে ফিডার সড়ক ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়। তারা সেই নির্দেশনা মেনে নিয়ে সড়ক ছেড়ে দেন।
এদিকে বসিলায় বসবাসকারী সাদ্দাম বলেন, চালকেরা কথায় কথায় সড়ক অবরোধ করবেন, এমন পরিস্থিতি মেনে নেওয়া যায় না। অটোরিকশা চলাচল নিয়ে সরকারের নতুন করে ভাবা এবং এ বিষয়ে নতুন আইন প্রণয়ন করা উচিত।
অটোরিকশা চালকরা জানান, তিন দিনের মধ্যে ঢাকা শহরে অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।