ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৪২) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জেরে মঙ্গলবার ভোররাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
ভোররাতে চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে আটক করে পুলিশে খবর দেন।
হাফিজুর রহমান নামে এক প্রতিবেশী বলেন, ভোররাতে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে যাই। গিয়ে দেখি জামাই আব্দুর রহমান রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দীর্ঘদিন ধরে জামাই ও শ্বশুরের মাঝে ঝামেলা চলছিল। সোমবার জামাই বেড়াতে আসে শ্বশুরবাড়িতে। মঙ্গলবার সকালেই ঘটে গেল এ ঘটনা। আমি শুনলাম কুড়াল দিয়ে কুপিয়ে জামাইকে হত্যা করা হয়েছে।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আসামি শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।