রাজধানীর খিলগাঁও থানার ভিতরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত ৯ টার দিকে থানার ভেতরে নারী ও শিশু হেল্পডেস্কের সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই মো. ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ৯ টার দিকে গেটের বাইরে থেকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা থানার ভেতরে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে পড়ে বিস্ফোরিত হয়।
এদিকে রাত সোয়া ১১ টার দিকে পল্লবী থানার সেকশন ১১ এভিনিউ ৫ নাভানা টাওয়ারের পাশে তালতলা মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
রাত সোয়া ২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানা আরও ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই)আল আমিন। তিনি জানান, সেকশন ১১ এভিনিউ ৫ নাম্বার নাভানা টাওয়ারের পাশে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ আহত সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।