ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলার পর অনুসন্ধান ও তল্লাশি অভিযান শেষ করেছে সিভিল ডিফেন্সের দলগুলো।
হামলায় গাজা উপত্যকার অন্যতম বৃহৎ এই হাসপাতালটির ভেতরে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। আহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসাকর্মী ও রোগী রয়েছেন।
নাসের মেডিকেল কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ হামলা চালানো হয় বলে তাদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
খান ইউনিসে চালু থাকা একমাত্র হাসপাতালটিতে দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষ চিকিৎসাসেবা নিয়ে থাকেন।
হামলায় নিহত ও আহত ব্যক্তিদের অধিকাংশই রোগী। তাদের মধ্যে কয়েকজনের পরদিন অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। চিকিৎসার জন্য দিনের পর দিন অপেক্ষা করার পর তারা হাসপাতালেই রাত কাটাচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণটি ছিল আকস্মিক। হামলার আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বা হাসপাতাল খালি করার নির্দেশনাও দেওয়া হয়নি।
গত কয়েক বছরে হাসপাতালটিতে এ নিয়ে সাতবার হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৫ আগস্ট নাসের মেডিকেল কমপ্লেক্সে দুই দফা হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হন। তাদের মধ্যে অন্তত চারজন সাংবাদিক ছিলেন।
হাসপাতালটিতে বারবার হামলা চালানো হলেও কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা। সূত্র: আল জাজিরা।