গাজীপুরের শ্রীপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকা পড়েন এক ব্যক্তি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩০ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম লিটন (৩২)। তিনি গোদারচালা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে ছাতির বাজারের পাশের একটি ইটভাটার পেছনে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন লিটন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তাকে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হন। তারা নিচে থাকা আরেক ব্যক্তিকে আটক করেন। খুঁটিতে থাকা লিটন আটকা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে খুঁটিতে আটকে থাকা ব্যক্তিকে জীবিত উদ্ধার করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তরের পাশাপাশি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেন। বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে তিনি দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।