Thursday 19th of November 2026
|
|
|
Headlines : * ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী   * হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী জাহাজে আগুন   * গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল   * ইরানের কাছে এখনও অন্তত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র আছে   * ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক   * খাগড়াছড়িতে পর্যটকবাহী দুই পিকআপে আগুন   * ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে: ট্রাম্প   * PM urges all democratic forces to unite against “fascist” resurgence   * কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত   * CEC seeks end to NID service harassment  

   বাংলা সংবাদ
গাজায় স্থল অভিযান শুরু করল ইসরায়েল
  Date : 18-11-2026

টানা দু’বছর বিমান অভিযান পরিচালনা করার পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে এবার শুধু মধ্যাঞ্চলে অভিযান হচ্ছে। গাজার এ অঞ্চলটি নিয়ন্ত্রণ করে ইসরায়েলবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস।

বুধবার ফরাসি বার্তাসংস্থা এএফপি’র একজন সাংবাদিক মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্বদিকে ইসরায়েলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, “আইডিএফ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা ‘শিন বেট’ যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে। এ অভিযানের লক্ষ্য গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে অবস্থিত একটি সুড়ঙ্গপথ ধ্বংস করা। হামাসের তৈরি এই সুড়ঙ্গপথটি আইডিএফের জন্য সরাসরি এবং বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল।”

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরায়েল। এ লাইন গাজার ইসরায়েলি ও হামাস-নিয়ন্ত্রিত এলাকাগুলোকে আলাদা করেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, এই মুহূর্তে ফিলিস্তিনি ভূখণ্ডের ৬০ শতাংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে আইডিএফ।

গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ‘ইসরায়েলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ’ চলছে। এছাড়া মধ্য গাজায় ইসরায়েলি সামরিক যান দেখা গেছে এবং সেখানে দুপুর থেকেই গোলাগুলি ও বিমান হামলা অব্যাহত রয়েছে।

ভুক্তভোগী এলাকার বাসিন্দারা এএফপি’কে জানিয়েছেন, নিরাপত্তার খাতিরে তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন—যাদের অনেকেই এর আগেও এমন পরিস্থিতির মুখে পড়েছেন।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, বুধবার ইসরায়েলি ড্রোন থেকে চালানো তিনটি পৃথক হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

বেসাসমরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী নুসেইরাত শিবিরের কাছে একজন, গাজা শহরে একজন এবং মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ পুলিশ স্টেশনের বাইরে একজন নিহত হয়েছেন। তবে এই তিনটি হামলার সঙ্গে স্থল অভিযানের কোনো যোগসূত্র আছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এএফপি’কে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, প্রথম দুটি হামলায় তারা ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যবস্তু করেছিল এবং তৃতীয় হামলার বিষয়ে তাদের কোনো জানা ছিল না।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর যুদ্ধ শুরু হলে গাজার ২১ লাখ বাসিন্দার অধিকাংশই অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছেন।

আল-বুরেইজ শরণার্থী শিবিরের বাসিন্দা উম আহমাদ আল-তারতুরি এএফপি-কে বলেন, “গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম; বিশেষ করে আমরা যেখানে থাকি, তা অনুপ্রবেশের স্থানগুলোর খুব কাছেই।”

একই শরণার্থী শিবিরের আরেক বাসিন্দা, ২৭ বছর বয়সী মাহমুদ আল-সাফিন এএফপি-কে বলেন, “আমাদের আশঙ্কা, এটি হয়তো আরও বড় কোনো অভিযানের শুরু এবং আবারও নতুন করে বাস্তুচ্যুতির ঘটনা ঘটতে পারে। অথচ আগের যুদ্ধ ও বাস্তুচ্যুতির ধকল থেকেই আমরা এখনো পুরোপুরি সেরে উঠতে পারিনি।”

ইসরায়েলে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অস্পষ্ট থাকার প্রেক্ষাপটে এই বিরল স্থল অভিযানের ঘটনা ঘটল। বিরোধী দলের গাদি আইজেনকোট এমন পরিস্থিতিতে সরকার গঠনের চেষ্টা করছেন, যেখানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নেই। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ২০২৫ সালেরর ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর আগ পর্যন্ত গাজায় যে ভয়াবহ সামরিক অভিযান চালিয়েছে আইডিএফ— তার নির্দেশদাতা এবং সবচেয়ে কট্টর সমর্থক ছিলেন নেতানিয়াহু।

বুধবার সন্ধ্যায় সেনাবাহিনীর একজন মুখপাত্র এএফপি’কে জানিয়েছেন যে, অভিযান এখনো চলছে।

সূত্র : এএফপি, এনডিটিভি ওয়ার্ল্ড



সংবাদটি পড়া হয়েছে মোট : 36        
  
  সর্বশেষ
হাইওয়েতে যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
BNP, associate bodies protest banned AL`s anarchic activities
Red crabs begin annual march to sea on Australia`s Christmas Island

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com