ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করছে না; বরং তারা এমন একটি স্থায়ী চুক্তি চায়, যা দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সরকার পরিবর্তনের কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই এবং ওয়াশিংটন সেই চেষ্টা করছেও না; ওয়াশিংটন তেহরানের সঙ্গে শুধু একটি স্থায়ী চুক্তি করতে আগ্রহী। এমন একটি চুক্তি যা চলমান সংঘাতের অবসান ঘটাবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখবে।
২১ নভেম্বর শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়টি নিয়ে তিনি কখনোই খুব একটা আগ্রহী ছিলেন না।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, “সত্যি বলতে, (ইরানের) সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে আমার কখনোই তেমন মাথাব্যথা ছিল না। অনেকে একে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) বলে থাকেন। আমি ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি, আর এখন তৃতীয় গোষ্ঠীর বিষয়টি নিয়ে কাজ করছি। সুতরাং, একে আপনারা শাসনব্যবস্থার চূড়ান্ত পরিবর্তন বলতে পারেন।”
‘প্রথম’ ও ‘দ্বিতীয়’ গোষ্ঠী বলতে প্রেসিডেন্ট ট্রাম্প মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রসঙ্গ টেনেছেন। গত ২৮ তারিখ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর দিনই তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর বোমার আঘাতে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, পুত্রবধু ও নাতনি এবং মোজতবা খামেনি হন গুরুতর আহত। বর্তমানে অজ্ঞাতস্থানে চিকিৎসাধীন আছেন মোজতবা।
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি; তবে প্রেসিডেন্ট গত কয়েক মাসে কয়েকবার বলেছেন যে মোজতবার আর কখনও ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা ফিরে পাবেন না।
‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।
ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ট্রাম্পের
ফক্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বর্তমান নেতৃত্বের বিষয়ে মিশ্র মনোভাব প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বর্তমান নেতৃত্বকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করলেও, তাদের সঙ্গে কাজ করাকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি।
ট্রাম্প বলেন, “তাদের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেক আলাদা। সম্ভবত, তারা আগের নেতৃত্বের চেয়ে চেয়ে অনেক বেশি যৌক্তিক। তবে তাদের সঙ্গে কাজ করা খুবই কঠিন। আমরা যে চুক্তেই করি, পরের দিনই তারা তা ভেঙে ফেলে।”
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটি স্থায়ী চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা সংঘাতের অবসান ঘটাবে, অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।
তিনি বলেন, “আমি এমন একটি চুক্তি করতে চাই যা স্থায়ী হবে। আমি কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবো না।”
ফক্স নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন যে তিনি এমন একটি চুক্তি চান যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে কোনো ‘অযোগ্য প্রেসিডেন্ট` ক্ষমতায় এলেও’ কার্যকর থাকবে।
এর আগে বৃহস্পতিবার একটি ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি কোনো ‘তাড়াহুড়ো’ করছেন না এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করার জন্য তিনি ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন।