হারারে টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৪০ রানেই থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিয়েছে জিম্বাবুয়ে। স্বাগতিকরা এখন লিড বড় করার অপেক্ষায়। বিপরীতে, রোডেশিয়ানদের আর ১০০ রানের মধ্যেই আটকে রাখতে চায় বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল হক জিম্বাবুয়ের প্রশংসা করেছেন। দ্বিতীয় দিনে নিজেদের লক্ষ্য জানিয়ে মুমিনুল জানান, ‘জিম্বাবুয়ে আমাদের চেয়ে অনেকটাই এগিয়ে গেছে। ১ উইকেট হারিয়ে আমাদের রানের প্রায় কাছাকাছি। যদি আমরা তাদেরকে আর ১০০ রানের মধ্যে থামাতে পারি, দারুণ ব্যাপার হবে। আসলে আমরা ৩ পেসার ১ স্পিনার নিয়ে খেলছি। ফলে আমার মনে হয় এটা ভালো কম্বিনেশন।’
এরপর সতীর্থ বোলারদের দুর্বল দিক জানিয়ে মুমিনুল বলেন, ‘আমাদের বোলাররা স্টাম্প সোজা বল করেনি, এলোমেলো বল করেছে, তাই রান দিয়েছে। জিম্বাবুয়ের বোলাররা সঠিক জায়গায় বল করেছে, তাই উইকেট নিয়েছে। (নিউম্যান নিয়ামহুরির বোলিংয়ে) আমি অবাক নই। সে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে মানে তার ভালো সামর্থ্য রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে এরকম বোলার আপনাকে মোকাবেলা করতেই হবে।’
প্রসঙ্গত, মুমিনুল হক ৬০, সাদমান ইসলাম ২০ এবং নাজমুল হোসেন শান্ত‘র ১৯ রানের পর প্রথম ইনিংসে ১৪০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশের চেয়ে কেবল ৪ রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। বেন কারান ৪২ রানে আউট হলেও ৭৬ রানে অপরাজিত আছেন ইনোসেন্ট কাইয়া।