রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া ও শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসের প্রথম দিনে বঙ্গভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রীতি অনুযায়ী তাকে অভিবাদন এবং গার্ড অব অনার দেওয়া হয়।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল। দলটি রাষ্ট্রপতির গাড়িকে এসকর্ট দিয়ে ক্রেডেনশিয়াল মাঠে নিয়ে যায়। সেখানে পৌঁছালে পিজিআরের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
মির্জা ফখরুল ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রপ্রধান ও তার পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব সরওয়ার আলম, সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার কার্যালয়ে যান এবং সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এদিন তিনি বঙ্গভবন পরিদর্শন বইয়ে সই করেন।
গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ নেন। এর মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়।
পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে তার রাষ্ট্রীয় দায়িত্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।