সাতক্ষীরার কালিগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৮) ও ইকবাল হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সর্ম্পকে মামা-ভাগ্নে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে এবং ইকবাল হোসন কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানা আজগর আলীর বাড়িতে বেড়াতে এসে শুক্রবার দুপুরে মামা আব্দুল্লাহর সঙ্গে প্রতিবেশী শেখ আবু বক্করের পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি প্রতিবেশী এক নারী দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয়দের সহায়তায় পুকুরের পানি থেকে মরদেহ দুটি উদ্ধার করে।
খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মৃত দুই শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।