ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির তিনটি বিমানবাহী রণতরী ও দুটি ল্যান্ডিং গ্রুপ ইরানের আশপাশের এলাকায় মোতায়েন করা হচ্ছে। এদিকে হরমুজ প্রণালীতে ২৫ লাখ ব্যারেল তেল বহনকারী একটি সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে আগুন ধরে গেছে।
আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ এবং ইউএসএস মাকিন আইল্যান্ডের নেতৃত্বাধীন একটি ল্যান্ডিং ফোর্স ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো থেকে রওনা হয়েছে। মাকিন আইল্যান্ডের সঙ্গে প্রায় ২ হাজার মেরিন সেনা রয়েছে। পুরো সামরিক সমাবেশ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি ২৫ লাখ ব্যারেল তেলবাহী সুপারট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে হামলার উৎস বা প্রজেক্টাইলটি কী ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।