শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ বাজার এলাকায় পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধে ফাটল ধরেছে। এতে বাঁধের প্রায় ২০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ফাটল ধসে ওই অংশ নদীতে তলিয়ে যায়। এতে নদীতীরবর্তী ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁধ ধসে পড়ার আশঙ্কায় সুরেশ্বর মাছ বাজার এলাকার ব্যবসায়ীরা দোকানপাট ও মূল্যবান মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে নড়িয়া উপজেলার সুরেশ্বর মাছ বাজার থেকে জাজিরা উপজেলার বিলাসপুর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। ১ হাজার ৪০৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই বাঁধে ফাটল দেখা দেওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।এর আগে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাঁধের প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফাটল দেখা দেওয়া অংশের প্রায় ২০ মিটার নদীগর্ভে তলিয়ে যায়। খবর পেয়ে নড়িয়া উপজেলা প্রশাসন ও শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার না করা হলে ভাঙন আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে সুরেশ্বর মাছ বাজারসহ আশপাশের নদীতীরবর্তী স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানান তারা।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিল্টন হোসেন বলেন, গতকাল সুরেশ্বর মাছঘাট এলাকায় নদীতীর রক্ষা বাঁধের প্রায় ৫০ মিটার এলাকায় ফাটল দেখা দেয়। পরে আজ সন্ধ্যার দিকে ফাটল দেখা দেওয়া অংশের প্রায় ২০ মিটার নদীতে তলিয়ে যায়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগামীকাল সকাল থেকেই ক্ষতিগ্রস্ত স্থানে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরু করা হবে।